Published : 16 Aug 2026, 05:41 PM
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি মো. আহসানুজ্জামান।
ওসি মো. আহসানুজ্জামান বলেন, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলায় তালিকাভূক্ত আসামিদের নাম জানতে রাজী হননি তিনি।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য আয়নুল হক আঘাতপ্রাপ্ত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।
এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতেই বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দেওয়া বিবৃতিতে সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়েছে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক শহীদুল ইসলামের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সংসদ সদস্য ওপর হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির ও সাধারণ সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পাশাপাশি হামলার ঘটনায় কোনো তদন্ত ছাড়াই জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের দায়ী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা প্রকৃত অপরাধীদের খুজে বের করার দাবি করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব (দপ্তর) হযরত আলী উসমানের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এমপির ওপর হামলার ঘটনায় তদন্ত ছাড়াই এনসিপির নেতাকর্মীদের দোষারোপ করা হয়েছে। একইসঙ্গে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার দাবি করেছেন তিনি।
এছাড়া হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।
আগের সংবাদ
সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা-ভাঙচুর, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে