১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধা নিহত

বসতভিটার দখল নিতে গিয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 06:04 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম।

নিহত ৭০ বছর বয়সি আসিয়া খাতুন ওই গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে ওই গ্রামের বুরুজ আলী ও রফিক মিয়ার সঙ্গে তাইজ্জদ মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়েছে।

এদিন দুপুরের দিকে তাইজ্জদ মিয়া ও তার লোকজন বিরোধপূর্ণ জমি নিজেদের দখলে নিতে গেলে বুরুজ মিয়ার লোকজন বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান। এ সময় তাইজ্জদ মিয়ার পক্ষের আসিয়া খাতুন গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানোর পাশাপাশি তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।