Published : 07 Sep 2026, 04:04 PM
বিদ্যুতের বাড়তি বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার গাজীপুরের সিফাত আব্দুল্লাহর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে গাজীপুর মহানগর আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসান শুনানি শেষে আসামির জামিন না মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান।
সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম বলেন, “সকালে ২৫ বছর বয়সি সিফাত আব্দুল্লাহর জামিনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাতের জামিন না মঞ্জুর হয়। এখন আমরা সেশন কোর্টে যাব।”
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাছা থানা এলাকা থেকে সিফাতকে আটক করে গাজীপুর মহানগর পুলিশ। পরদিন তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা কারাগারে পাঠানো হয়।
সিফাত আব্দুল্লাহ নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পিপি সিদ্দিকুর রহমান বলেন, “সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। তার পক্ষে আইনজীবীরা জামিন চায়, তবে আদালত জামিন নামঞ্জুর করেছেন। সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছে। তিনি ৫ অগাস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখন অব্যাহত রেখেছেন।”
পুলিশ জানায়, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সবশেষ বৃহস্পতিবার তিনি এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকার সংশ্লিষ্টদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাকে।
তবে ভিডিওতে সিফাত দাবি করেন, তার বাসায় চলতি মাসে চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার দাবি, এই বিদ্যুৎ বিল স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সিফাত। ভিডিওটি ছড়িয়ে পড়লে তাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, গাজীপুরের সেই সিফাত কারাগারে