জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু
নিহত ইমতিয়াজ হোসেন রাহি (১৬) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকা ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
নিহত ইমতিয়াজ হোসেন রাহি (১৬) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে জাফলংয়ে ঘুরতে আসে রাহি। বিকালে নাজিমগড় নৌকাঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের তীব্রতায় সে পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ডুবুরিরা নদী থেকে রাহির মরদেহ উদ্ধার করে বলে ওসি মো. মনিরুজ্জামান জানান।
তিনি বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
