Published : 17 Jun 2026, 04:23 PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিআরটিসি বাস উল্টে অন্তত দশ যাত্রী আহত হয়েছেন।
ইলিয়টগঞ্জ বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির সিকদার জানিয়েছেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ বলছে, ঢাকাগামী বিআরটিসি বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজননের ওপর ওপর উঠে যায়। এক পর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন।
বাসের এক যাত্রী বলেন, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি সড়ক বিভাজননের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
ওসি জাকির সিকদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।