Published : 11 May 2026, 07:04 PM
গাজীপুর মহানগরীতে একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর কারখানাটিতে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে নগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় প্যানএশিয়া ক্লথিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর হঠাৎ গা ও মাথা ঝিমঝিম করে কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিক অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে বেশিরভাগ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, কারখানায় হঠাৎ এক এক করে প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুরের সিভিল সার্জন চিকিৎসক মো. মামুনুর রহমান বলেন, শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘুরানো ও বমির মত উপসর্গ দেখা দেয়।
শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, চিকিৎসকরা এটিকে ‘মাস সাইকোজেনিক ডিজিজ’ বলেন। তবে সবাই শঙ্কামুক্ত। এখন পর্যন্ত দুটি হাসপাতালে ৫৫ জনের মত ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে; যাদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
কারখানাটির সুয়িং অপারেটর কনা আক্তার বলেন, শুক্রবার জেসমিন খাতুন নামের এক শ্রমিক কারখানায় অসুস্থ হয়ে পরে মারা যান। শনিবার সকালে অন্য শ্রমিকরা কারখানায় যোগ দিলেও ভয় ও আতঙ্কে বেশকিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তারা হাসপাতাল চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার পরদিন রোববার কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে বলে জানান তিনি।
কনা আক্তার বলেন, ছুটি শেষে এদিন সকালে শ্রমিকরা আবার কাজে যোগ দেওয়ার পর দোয়া মাহফিলের আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ। এ সময় হুজুর দোয়া পড়ে শ্রমিকদের উপর পানি ছিটিয়ে দেন। এর পরপর শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন।
তিনি নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান।