Published : 10 Jul 2026, 12:50 AM
সাতক্ষীরা সদর উপজেলায় ফুটবল খেলার সময় কবরস্থানের গেইটের ছাদ ভেঙে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার বিকাল ৬টায় উপজেলার ভোমরা বলফিল্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান জানান।
নিহত সজিব হোসেন (১৫) ভোমরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে ভোমরা গ্রামের আবুল হাসানের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার আশিক, জয় ও তাজিম। তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভোমরা বলফিল্ডে ‘এভারগ্রিন ক্লাব’ এর উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। সজিব তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে মাঠের পাশে অবস্থিত একটি কবরস্থানের অসম্পূর্ণ একটি ভবনের গেইটের ছাদের নিচে দাঁড়িয়ে খেলা দেখছিল। হঠাৎ গেইটের ছাদটি ভেঙে তাদের ওপর পড়ে। ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজিব মারা যায়।
হাসপাতালের বরাতে ওসি মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত আশিকের একটি পা, তাজিমের কোমরের হাড় এবং জয়ের একটি হাত ভেঙে গেছে।