গাইবান্ধায় গাছের পাতা তুলতে গিয়ে বজ্রপাতে নিহত মা-ছেলে
“স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক নারী ও ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ওই উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন আলম মণ্ডল জানান, বুধবার সন্ধ্যার দিকে তার ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের শ্রী শৈলান চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে শ্রী সোহাগ চন্দ্র দাস (২৮)।
সোহাগ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
শাহিন আলম বলেন, “বুধবার সন্ধ্যা ৬টার দিকে আকাশ কালো হয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশে ফাঁকা উচু জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা ঘরে তুলে আনতে যান কল্পনা রাণী। কিছুক্ষণ পর মাকে সাহায্য করতে সেখানে যান সোহাগ।
“এ সময় বজ্রপাতে মা ও ছেলে গুরুতর আহত হন। পরে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে বলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানিয়েছেন।
