Published : 10 Jun 2026, 03:16 PM
নীলফামারী সদর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে ইটাখোলা ইউনিয়নের মোজাহারের টারি এলাকার বাঁশঝাড়সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন ইসলাম (২৮) ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে,স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে খড়ি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, খড়ি সংগ্রহের সময় মৃগীর খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মশিউর রহমান বলেন, “স্বপনের প্রায়ই খিঁচুনি হত। খড়ি কুড়াতে গিয়ে তার খিঁচুনি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
“ঘটনাস্থলটি নির্জন হওয়ায় কেউ বিষয়টি টের পায়নি। পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ওসি জিল্লুর বলেন, অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর এবং ঘটনায় থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।