Published : 11 Aug 2026, 03:55 PM
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গাইবান্ধার দুই বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বিদ্যালয় দুটি হচ্ছে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
এমপিওভুক্ত দুটি বিদ্যালয়ে থেকে এমন ফলাফল হওয়ায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান।
এর মধ্যে মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৫ সালে এমপিও ভুক্ত হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তিন শিক্ষার্থী। কিন্তু তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি।
বিদ্যালয়টিতে সবমিলিয়ে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। একজন প্রধান শিক্ষকসহ মোট ১১ শিক্ষক ও পাঁচ কর্মচারী কর্মরত আছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন, এর আগে বিদ্যালয়টির ফলাফল এমন বিপর্যয় হয়নি। এসএসসি পরীক্ষার্থীরা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। তারা সবাই গণিত বিষয়ে ফেল করেছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, “এর অন্যতম কারণ হচ্ছে, গণিত শিক্ষক মো. ফারুক খালেক দীর্ঘদিন থেকে শারীরিকভাবে অসুস্থ, তারওপর বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে আছেন।”
অপরদিকে সাদুল্লাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে জুনিয়র হাইস্কুল হিসাবে এমপিও ভুক্ত হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ বলেন, এ বছরেই প্রথম বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পায়। পাঁচজন পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু তারা কেউ পাস করেনি।
তিনি আরও জানান, বিদ্যালয়ে মোট সাত শিক্ষক ও ছয় কর্মচারী কর্মরত আছেন। তারা সবাই নিয়মিত বেতন ভাতা পান।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “এমপিওভুক্ত কোনো বিদ্যালয় থেকে এই ফলাফল আশা করা যায় না। কেন, কী কারণে শতভাগ ফেল হয়েছে। তা জানতে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছে।
এছাড়া শীঘ্রই বিদ্যালয়গুলো পরিদর্শন করা হবে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে, বলেন তিনি।