Published : 05 Jun 2026, 01:43 PM
শেরপুরে সদর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।
নিহত মিজান মিয়া (২১) ওই এলাকার কমল মিয়ার ছেলে। তিনি এবটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যানের কাজ করতেন।
চরপক্ষীমারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া বলেন, মিজানের মা কিছুদিন আগে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় মিজান বাড়ির বাইরে বের হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউএনও আসমা বিনতে রফিক বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে সহযোগিতার জন্য লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন করলে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
“সাধারণত এ ধরনের ঘটনায় ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। পরিবার যদি বেশি অসচ্ছল হয়, সেক্ষেত্রে খাদ্য সহায়তাও দেওয়া হবে।”
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।