Published : 31 May 2026, 02:54 PM
নোয়াখালীতে হাম উপসর্গ নিয়ে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হলো।
শনিবার রাতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।
মারা যাওয়া শিশু সাওবান সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের মো. ওসমানের ছেলে।
ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সাওবানকে ২৪ মে বিকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শরীরে তীব্র জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ছিল।
“শনিবার বিকাল থেকে শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়। এ অবস্থায় তাকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু রাতে সে মারা যায়।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও বলেন, শুক্রবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে আরও ৫৫ শিশু। আইসোলেশনে আছে ১০৮ শিশু।
এপ্রিল মাসের প্রথম থেকে এ পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে ১ হাজারের বেশি শিশু হাম উপসর্গে চিকিৎসা নিয়েছে।
তাদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।