Published : 05 Sep 2026, 10:32 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের আস্তানায় হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের লাশ কবর থেকে তুলে তার দরবারে আবার দাফনের ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে শনিবার দুপুরে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের ভাষ্য, আব্দুর রহমান নিহত হওয়ার পর থেকেই তার ভক্তদের একটি অংশ লাশটি কবর থেকে তুলে দরবারে দাফনের চেষ্টা করে আসছিলেন। এ কারণে দাফনের পর কিছুদিন কবরস্থানে পুলিশ পাহারা বসিয়েছিল।
শুক্রবার রাতে কোনো এক সময় কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়দের দাবি। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে যান।
পীরের বড় ভাই ফজলুর রহমান সান্টু বলেন, “রাতে কারা কীভাবে কবর থেকে লাশ তুলে দরবারে নিয়ে গেছে, আমরা জানি না। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই।”
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, লাশ কবর থেকে তুলে দরবারে পুনরায় দাফন করা হয়েছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসন নেবে।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি বলেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা হয়। মামলার এজাহার অনুযায়ী, ওই সময় দুই শতাধিক মানুষ সেখানে হামলা চালায়।
হামলায় পীরকে তার কক্ষ থেকে বের করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর আস্তানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
ময়নাতদন্ত শেষে ১২ এপ্রিল দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরের পাঁচশত বিঘা কবরস্থানে শামীমের লাশ দাফন করা হয়।
হত্যাকাণ্ডের তিন দিন পর ১৩ এপ্রিল রাতে শামীমের বড় ভাই ফজলুর রহমান সান্টু দৌলতপুর থানায় মামলা করেন। এতে চারজনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন:
কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতা কারাগারে
কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় 'আস্তানায়' হামলা করে 'পীর'কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় পীর হত্যা: 'পুরনো ভিডিও ছড়িয়ে পরিবেশ উত্তপ্ত করা হয়'
কুষ্টিয়ার মাজারে পীর হত্যা: মামলা করবে না পরিবার
কুষ্টিয়ায় পীর হত্যা: 'জামায়াত-খেলাফতের নেতৃত্বে' হামলা চালায় দুই