Published : 01 May 2026, 04:40 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এ তথ্য জানান।
গ্রেপ্তার রাজীব মিস্ত্রি (৪৫) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী। তিনি এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।
র্যাব জানায়, পীর হত্যা মামলার পর থেকেই আসামিদের ধরতে তারা অভিযান চালাচ্ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খবর পাওয়া যায় রাজীব মিস্ত্রি রাজশাহীর গোদাগাড়ী এলাকার থানা রোডে আছেন।
সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে র্যাব-৫-এর সদর কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে র্যাব-১২ ও র্যাব-৫ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করে।
মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজীবকে শুক্রবার দৌলতপুর থানায় দেওয়া হবে জানিয়েছেন র্যাব কর্মকর্তা সুদীপ্ত সরকার।
দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন। তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলায় গ্রেপ্তারের বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।”
র্যাব জানায়, ১০ এপ্রিল পীরের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তার বিরুদ্ধে কোরআন ও ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ১১ এপ্রিল দুপুরে ফিলিপনগরের ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় শতাধিক লোক হামলা চালায়। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পীর শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলায় আরও তিন ভক্ত মহন আলী, জামিরুন ও জুবায়ের গুরুতর আহত হন।
ঘটনার দুই দিন পর ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় মামলা করেন। এতে দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন মুহাম্মদ খাজা আহম্মেদ (৩৮), স্থানীয় জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি (৪৫), খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা সভাপতি মো. আসাদুজ্জামান (৩৫) এবং মাদ্রাসা শিক্ষক মো. শিহাবের (৪৫) নাম দিয়ে অজ্ঞাত আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
ঘটনার দিন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃত্বে দুই শতাধিক লোক পীরের আস্তানায় হামলা চালায় বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।
আরও পড়ুন:
কুষ্টিয়ায় 'আস্তানায়' হামলা করে 'পীর'কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় পীর হত্যা: 'পুরনো ভিডিও ছড়িয়ে পরিবেশ উত্তপ্ত করা হয়'
কুষ্টিয়ার মাজারে পীর হত্যা: মামলা করবে না পরিবার
কুষ্টিয়ায় পীর হত্যা: 'জামায়াত-খেলাফতের নেতৃত্বে' হামলা চালায় দুই
কুষ্টিয়ায় পীর শামীম রেজা হত্যা: ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা