১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আরাকান আর্মির হাতে অপহৃত ১৪ জেলে ফিরেছেন

বিভিন্ন সময় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা অপহরণের শিকার হয়েছিলেন বলে জানায় বিজিবি।

আরাকান আর্মির হাতে অপহৃত ১৪ জেলে ফিরেছেন
ভিডিও থেকে নেওয়া।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 10:49 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময় অপহৃত ১৪ জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার বিকালে টেকনাফ উপজেলার নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির সদস্যরা তাদেরকে বিজিবির হাতে হস্তান্তর করেন বলে জানান বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, তাদেরকে গ্রহণের পর টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ায় অবস্থিত টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আনা হয়। তারা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি জেলে, একজন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা)। ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা।

সাগরে মাছ ধরার সময় অসতর্কতাবশত জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মানবিক দিক বিবেচনায় আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার অঞ্চলের কর্মকর্তারা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

তাদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এখনো যেসব বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক আছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।