২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী অবরুদ্ধ, ৩ সাংবাদিক আহত

এই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে অবরুদ্ধ করা হলেও তিনি আহত হননি।

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী অবরুদ্ধ, ৩ সাংবাদিক আহত

আহত তিন সাংবাদিক হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 05:48 PM

Updated : 07 Jan 2024, 05:53 PM

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে এক স্বতন্ত্র প্রার্থীকে অবরুদ্ধ ও তিন সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

রোববার দুপুর ১টার দিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালে এ হামলা হয়।  

আহত তিন সাংবাদিক হলেন আনন্দ টিভি জেলা প্রতিনিধি আদ্দুর রহিম, সাংবাদিক মিনহাজ ও মাসুদ বাবু। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে অবরুদ্ধ করা হলেও তিনি আহত হননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের অনিয়মের খবর পেয়ে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সেখানে যান। ওই সময় নৌকার প্রার্থীর সমর্থকরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালা। তাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং গাড়ির চালকসহ তিন সাংবাদিককে পিটিয়ে আহত করে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর সেখানে পুলিশ-বিজিবি সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত হয়েছিল। তবে কী কারণে এমন হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে কথা বলতে নৌকার প্রার্থী মোতাহার হোসেনকে ফোন করে পাওয়া যায়নি।