২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ ৫ পাওয়া ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা-সহায়তা

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 06:52 PM

Updated : 26 Sep 2026, 06:52 PM

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। একই সঙ্গে তাদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এবং ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। বর্তমান সরকার প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি বন্ধে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।