২৪ ঘণ্টার মধ্যে সাজেক খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
পার্বত্য অঞ্চলে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
পার্বত্য অঞ্চলে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
বুধবার সকালে শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এই পর্যটন কেন্দ্রটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন সকালে আয়োজিত মানববন্ধনে সাজেকের রিসোর্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটনের সঙ্গে জড়িতরা অংশ নেয়।
বক্তারা বলেন, দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করায় ক্ষতির মুখে পড়েছে পাহাড়ের পর্যটন অর্থনীতি।
খাগড়াছড়ি যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, “আমাদের এখানে অনেক শ্রমিক সাজেক ভ্যালির সঙ্গে সম্পৃক্ত। আমরা যারা এখানে সমবেত হয়েছি, সকলেই পেটের দায়ে, জীবনের তাগিদে।
“আপনারা জানেন, একজন শ্রমিক দিনে এনে দিনে খায়। সুতরাং একদিন যদি আমাদের কর্মসংস্থান না হয়, এখন আমাদের পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়াসহ খাওয়া-দাওয়া আমাদের কঠিন হয়ে যায়।”
কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “আপনারা যখন তখন সাজেক বন্ধ করে দেবেন, আমরা বসে থাকব, এ হতে পারে না। প্রশাসনের অবশ্যই সকল ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলা উচিত ছিল।
“একটা ব্যবসা আমরা তিলে তিলে ছোট থেকে বড় করি এবং স্বপ্ন দেখে থাকি, ভালো সময় আসবে। দুর্গাপূজার এই মৌসুমে আমাদের যে অবস্থা, প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের প্রত্যেকেই ঋণের জালে আছি। আমাদের কোনো ঋণ বা লোন থেমে নেই।”
নিজের ব্যবসায়িক পরিস্থিতি তুলে ধরে রাহুল চাকমা বলেন, “আমাদের সাজেক ভ্যালি তাড়াতাড়ি খুলে দিতে হবে; তা না হলে আমরা যারা আছি, সবাই মিলে কঠিন উদ্যোগ নিব। প্রয়োজনে হরতাল রাখব, বড় বড় সমাবেশ রাখব। সাজেক ভ্যালি খুলে দেওয়া হোক।”
শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে সাজেকের রিসোর্ট ও কটেজে বুকিং থাকলেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটকেরা আসতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলেছেন ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইটাব)-এর সদস্য উজ্জ্বল দে।
এতে হোটেল রিসোর্ট মালিকদের পাশাপাশি পরিবহন শ্রমিক, রেস্তোরাঁসহ পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বেন বলে জানান তিনি।
এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটন কেন্দ্র খুলে না দিলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের এই নেতা।
