১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩

ইসলামী জলসায় অতিথি হিসাবে বিএনপি নেতাকর্মীদের নাম না থাকার বিষয়টিকে কেন্দ্র করে সাঘাটা উপজেলা বাজারে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 09:45 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

ইসলামী জলসায় অতিথি হিসাবে বিএনপি নেতাকর্মীদের নাম না থাকার বিষয়টিকে কেন্দ্র করে শনিবার দুপুরে সাঘাটা উপজেলা বাজারে এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি মো. বাদশা আলম জানান। 

গুরুতর আহত বিএনপি কর্মী জাকিরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামায়াত কর্মী আব্দুল হান্নান ও জাহিদুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একটি ইসলামী জলসায় গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। এই সভার প্রচারিত পোস্টারে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও জামায়তের একাধিক নেতাদের নামও রয়েছে। সভায় অতিথি হিসাবে বিএনপির স্থানীয় নেতাদের নাম থাকায় জামায়াত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। 

২৬ ডিসেম্বর স্থানীয় জামায়াত সমর্থক আব্দুল আজিজ ওই এলাকায় আরো একটি ইসলামী জলসার আয়োজন করে। এ সভাতেও গাইবান্ধা জেলার বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। তবে বিশেষ অতিথি হিসাবে জামায়াতের নেতাকর্মীদের নাম থাকলেও বিএনপির নেতাকর্মীর নাম রাখা হয়নি। বিষয়টি নিয়ে শুক্রবার সাঘাটা বাজারে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একই বিষয় নিয়ে দুপুরে সাঘাটা বাজারে আবারও উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে জানতে চাইলে সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, “আমরা বাজারে অবস্থান করছিলাম। হঠাৎ জামায়াতের নেতকর্মীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হন।” 

সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইব্রাহিম হোসাইন বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জামায়াতের কর্মী আব্দুল আজিজকে বিএনপির কর্মীরা মারধর করে। এর প্রতিবাদে আজ জামায়াতে ইসলামী মিছিল করে। সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়, মারধর করে। এতে দলের সাত-আটজন আহত হয়েছে।”

সাঘাটা থানার ওসি মো. বাদশা আলম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন ঘটনাস্থলে সেনাবাহিনী টহল দিচ্ছে।”