Published : 10 Jun 2026, 08:44 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ডোবায় জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নইমুদ্দিন খাঁর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহত সানভির (৫) দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজউদ্দিন মৃধা পাড়া এলাকার মো. ফারুক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শিশুটি তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়ির পাশে ডোবায় বৃষ্টির পানি জমে ছিল। পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে শিশুটি সেখানে গোসলে নেমে তলিয়ে যায়।
পরে পরিবারের লোকজন উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।