Published : 19 Mar 2026, 07:47 PM
ঈদযাত্রায় উত্তরের পথে ঢাকা থেকে যমুনা সেতু পার হওয়ার আগ পর্যন্ত যানজটের ভোগান্তি থাকলেও সেতু পার হওয়ার পর রয়েছে স্বস্তি। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এ ছাড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশে ২৪ ঘণ্টা ড্রোন দিয়ে তত্ত্বাবধান করছে পুলিশ।
পুলিশ বলছে, কোনো যানবাহন নষ্ট হলে বা জ্বালানি ফুরিয়ে গেলে সব রকম সেবা দেওয়া হচ্ছে। রাতে মূল্যবান পণ্যবাহী যানবাহনে দেওয়া হচ্ছে ‘এস্কট সেবা’।
জেলা পুলিশের ফেইসবুক পেইজ থেকে প্রতি ঘণ্টায় মহাসড়কের অবস্থান তুলে ধরে ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এ ছাড়া মহাসড়কে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় যমুনা সেতুতে টোল আদায়ের হারও বেড়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপ তত বাড়ছে। তবে মহাসড়কে কোনো ঝামেলা না থাকায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। যানজট নিরসনে মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ।
যমুনা সেতু পার হওয়ার পর উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে চলাচল করে থাকে। সাধারণ সময়ে এ মহাসড়ক দিয়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদে তা বেড়ে যায় প্রায় তিন গুণ। তবে ঢাকা থেকে বগুড়া ও রংপুরমুখি মহাসড়কে চাপ থাকে বেশি।

এ অবস্থায় ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এ পথে এবার বড় কোনো যানজট নেই।
পুলিশ জানায়, ঈদযাত্রায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে তিনটি দলে ভ্রাম্যমাণ ওয়ার্কসপ সেবা চালু করা হয়েছে। এসব ওয়ার্কশপগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থেকে মহাসড়কে রয়েছে।
যাত্রাপথে কোনো যানবাহন বিকল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিনামূল্যে মেরামত করে পুনরায় চলাচল উপযোগী করা হচ্ছে। পাশাপাশি ভলকানাইজিং সুবিধা ও জরুরি জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ সেবা চালু করা হয় বলে জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান। তিনি বলেন, “ভ্রাম্যমাণ টিমগুলো মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং ঈদের আগে ও পরের পুরো সময়জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি বলেন, রাতে মহাসড়কে চলাচল করা মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে ‘এস্কট সেবা’ দেওয়া হচ্ছে। এ ছাড়া ড্রোন দিয়ে মহাসড়কে নজরদারি করা হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ দিনরাত মহাসড়কে নিরাপত্তা দিচ্ছেন।
“জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু সরজমিনে মাঠে থেকে সবকিছু তত্ত্বাবধান করছেন। আশা করছি মানুষজন স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে”, যোগ করেন হাফিজুর রহমান।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটির বেশি টোল আদায়
বুধবার ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন চলাচল করেছে; যা স্বাভাবিক সময়ের তুলনায় তিন গুণের বেশি। আর টোল আদায় হয়েছে সাড়ে তিন কোটি টাকার বেশি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী পথে ৩২ হাজার ৮৪০টি এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী পথে ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। উভয়পাশ মিলে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে তিন কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
দ্রুত টোল আদায়ের জন্য সেতুর দুই পাশে মোটরসাইকেলের জন্য চারটিসহ মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় সেতু পারাপার হয়েছে ৩৩ হাজার ৫৮৪টি যানবাহন।