১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে এনসিপির ‘দুর্নীতি’ নিয়ে অভিযোগ করে ৩ নেতার জামায়াতে যোগদান

নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফ ফুল দিয়ে তাদের জামায়াত ইসলামীতে স্বাগত জানান।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 05:37 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারীর মূল নেতৃত্বের বিরুদ্ধে ‘অনিয়ম-দুর্নীতি’র অভিযোগ করে জেলা কমিটির তিন নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন৷

শুক্রবার সকালে জেলা শহরে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফ ফুল দিয়ে তাদের জামায়াত ইসলামীতে স্বাগত জানান। 

জামায়াতে যোগ দেওয়া নেতারা হলেন- এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী ও আরেক যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নীলফামারী জেলার এনসিপির কমিটির যারা প্রধান আছে তাদের সবকিছুতে অনিয়ম-দুর্নীতি। আমি জেলার পরিচিত মানুষ, তাই তাদের অনিয়ম-দুর্নীতির কারণে এনসিপি থেকে পদত্যাগ করে জামায়াত ইসলামীতে যোগদান করেছি।”

সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় বিভিন্ন নিয়োগকে ঘিরে এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আছে। এছাড়া যারা নতুন হিসেবে এনসিপিতে যোগ দিচ্ছেন বা দিয়েছেন তাদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ আছে। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোট করে ভোটে অংশ নিয়েছে অর্থাৎ তারা পরস্পরের শরীক দল। সেখানে হঠাৎ করে গুরুত্বপূর্ণ পদধারী তিন নেতা এনসিপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান করায় বিষয়টি জেলা জুড়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে। 

জামায়াত নেতাকর্মীরা বলছেন, তাদের জামায়াত ইসলামীতে যোগদান করায় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 

সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুর লতিফ বলেন, “এনসিপির তিন নেতা জামায়াত ইসলামীতে যোগদান করেছে। আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নীলফামারী জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম দর্পণ বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে আমার জানা নাই।”