১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত, মালিক আহত

দীর্ঘদিন ড্রামটির মুখ বন্ধ থাকায় ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল বলে ধারণা স্থানীয়দের।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কেমিক্যালের খালি ড্রাম কাটর সময় বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ওয়ার্কশপ মালিক।

শুক্রবার দুপুরে উপজেলার লালপুর বাজারে ‘লোকনাথ ওয়ার্কশপে’ এ ঘটনা ঘটে বলে জানান আশুগঞ্জ থানার ওসি মো. সফিউল আলম চৌধুরী।

নিহত মো. রায়হান (১২) নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করত।

আহত ওয়ার্কশপ মালিক লোকনাথ দাসকে (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি খালি কেমিক্যালের ড্রাম মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ বন্ধ ছিল। গ্রাইন্ডার মেশিন চালু করার সঙ্গে সঙ্গে ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় রায়হান ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। 

বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত লোকনাথকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দীর্ঘদিন ড্রামটির মুখ বন্ধ থাকায় ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।

ওসি সফিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।