১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: নারায়ণগঞ্জে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

এ জেলায় পাশের হার ৭২ দশমিক ২০ শতাংশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 10:11 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নারায়ণগঞ্জ জেলায় এবার এসএসসিতে উত্তীর্ণের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

চলতি বছর ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন; যা গত বছর ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩৪৩ জন; যা ২০২৫ সালে ছিল এক হাজার ৪৬২ জন।

সোমবার দুপুরে ফল প্রকাশের পর এসব তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ বছর ২৭ হাজার ৮২০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।

সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন সদর উপজেলার ৮১২ পরীক্ষার্থী। এ ছাড়া রূপগঞ্জে ২৪৬ জন, সোনারগাঁয়ে ১৩০, আড়াইহাজারে ৭৯ এবং বন্দর উপজেলায় ৭৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সদরে বেশি হলেও উত্তীর্ণের হার রূপগঞ্জ উপজেলায় বেশি- ৭৭ দশমিক ৮৩ শতাংশ। সদরে ৭১ দশমিক ৮৭ শতাংশ।

এ ছাড়া সোনারগাঁয়ে ৭২ দশমিক ৭৬ শতাংশ, বন্দরে ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং আড়াইহাজারে সবচেয়ে কম ৬৪ দশমিক ১৬ শতাংশ উত্তীর্ণের হার।

সমমানের পরীক্ষার ফলাফল

এ বছর দাখিল পরীক্ষায় তিন হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে দুই হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ; যা গতবার ছিল ৭৭ দশমিক ৩১ শতাংশ।

২০২৫ সালে ৯২ জন দাখিল পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৯১ জন।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া এক হাজার ৭৮৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২০৫ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন পরীক্ষার্থী।

২০২৫ সালে এসএসসিতে (ভোকেশনাল) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। আর উত্তীর্ণের হারও ছিল ৮৪ দশমিক ৮১ শতাংশ।