১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

অভিযানে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্ট জাল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 11:28 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরায় ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যৌথ অভিযানে সদরের আনন্দ বাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

রোববার সকালে তিনি বলেন, চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করে। 

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সাথে ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, কোস্টগার্ড ও নৌ পুলিশের দুটি দল।

অভিযানে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্ট জাল। 

পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে তিনজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ছয় জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

এছাড়া দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর আরও বলেন, জব্দ কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকা কোস্ট গার্ড হেফাজতে রয়েছে।