সিরাজগঞ্জে ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন আম্বিয়া
রায়গঞ্জ উপজেলার বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে কেন্দ্রে এক কন্যা সন্তান প্রসব করেছেন এক নারী। মা ও নবজাতক শিশু সুস্থ আছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ময়নুল হক।
নবজাতকের মা আম্বিয়া খাতুন (৩৫) উপজেলার বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আম্বিয়া ভোট দিতে গিয়ে কেন্দ্রের লাইনে দাঁড়ান। ভোট দেওয়া শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন তিনি। পরে কয়েকজন নারী ভোটার তাকে কেন্দ্রের পাশের একটি বাড়িতে নিয়ে গেলে কন্যা সন্তান প্রসব করেন তিনি।
প্রিজাইডিং কর্মকর্তা ময়নুল হক বলেন, “কেন্দ্রে ভোর থেকেই লম্বা লাইন ছিল। ওই প্রসূতি ভোটও দিয়েছেন। ভোট প্রদান শেষে পাশের একটি বাড়িতেই সন্তানের জন্ম দেন তিনি।”
