২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ ২ ‘বনদস্যু’ গ্রেপ্তার

“তাদের আত্মসমর্পণের উদ্দেশ্যে কোস্ট গার্ড দুই রাউড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালানোর চেষ্টা করে।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

সুন্দরবনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের বনদস্যু ‘আসাবুর বাহিনী’র সক্রিয় সদস্য বলে দাবি করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শিবসা নদের শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড তাদের গ্রেপ্তার করে। 

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বুধবার বিকেলে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে মোংলার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানান।

তারা হলেন- মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের বলেন, “সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান আসাবুর বাহিনীর সদস্যরা বনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন খবরে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শিবসা নদের শরবতখালী এলাকায় অভিযানে যায়। 

““তাদের আত্মসমর্পণের উদ্দেশ্যে কোস্ট গার্ড দুই রাউড ফাঁকা গুলি ছুঁড়লে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে কোস্ট গার্ড।” 

তিনি বলেন, “এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশি তৈরি একনালা বন্দুক, ১০টি তাজা গুলি, ৫ রাউন্ড গুলির খোসা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই দুই ব্যক্তি সুন্দরবনের তালিকাভুক্ত বনদস্যু আসাবুর বাহিনীর সক্রিয় সদস্য।”

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে দাবি করেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।