Published : 16 Jun 2026, 09:35 PM
গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিপলু আহমেদ এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিত নন্দী।
নিহত নুর হোসেন (২১) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোদার গ্রামের আজহার উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে নয়জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ১৭ জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী জিএমএস ও সুন্দরবন পরিবহনের দুটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সুন্দরবন পরিবহনের বাসটি জিএমএস বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সুন্দরবন পরিবহনের যাত্রী ভোলার চরফ্যাশনের দুলাল মিয়া বলেন, সুন্দরবন পরিবহন ও জিএমএস পরিবহনের বাস দুটি পাল্লাপাল্লি করে চলছিল। ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।