রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাত বোমার বিস্ফোরণ
“ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা সেখান থেকে ঝটিকা মিছিল বের করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।”
রাজশাহী নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নগরীর শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী জানান।
এ সময় ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
ওসি বলেন, “রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পর পর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
“ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা সেখান থেকে ঝটিকা মিছিল বের করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় অভিযান চালায় এবং বিস্ফোরিত হাত বোমার আলামত উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি মাছুমা মুস্তারী বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে যান। তারা মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন। মামলা দায়ের করা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
