Published : 05 Jun 2026, 11:23 PM
নড়াইলের কালিয়া উপজেলার নলিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের আইজপাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির।
নিহত ফারজানা (৪) ওই ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে।
ফায়ার সার্ভিস ও পরিবার জানায়, বৃহস্পতিবার বিকালে ফারজানাসহ দুই শিশু বাড়ির পাশে নলিয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ফারজানা পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর পরিবারসহ স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও তাকে খুঁজে পাননি।
এদিন সকালে নলিয়া নদীর আইজপাড়া এলাকায় ফারজানার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পায়নি। সকালে শিশুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।