২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ধুয়েমুছে ঝকঝকে সৌধস্তম্ভের চূড়া, শহীদ বেদী

ব্যাপক জমায়েতের কথা মাথায় রেখে, উত্তরবঙ্গের গাড়ি চন্দ্রা-গাজীপুর হয়ে এবং মানিকগঞ্জের গাড়ি নবীনগর মোড় হয়ে আশুলিয়া বাইপাস হয়ে ঢাকায় প্রবেশ করতে বলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 08:15 PM

Updated : 15 Dec 2023, 09:35 PM

রাত পোহালেই স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এ জন্য প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ; নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন দেশি-বিদেশি কূটনীতিক, বীরশ্রেষ্ঠ পরিবার, তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ জনতা। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে নেওয়া হয়েছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ শেষ। সৌধস্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও পায়ে চলার পথসহ পুরো এলাকা ধুয়েমুছে চকচকে করা হয়েছে।

স্মৃতিসৌধের ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথের লাল ইটগুলো সাদা রঙ করা হয়েছে; রোদের আলোতে ইটগুলো আরও শুভ্র হয়ে উঠছিল। এছাড়া সৌধ চত্বরে বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ ও সাদাসহ বিভিন্ন রঙের ফুল গাছের চারা।

গাছগুলোর সৌন্দর্য্য বর্ধন করা হয়েছে। কৃতিম হ্রদে ফুটে থাকা লাল শাপলা যেন জানান দিচ্ছে, অকুতোভয় অর্জনের। শেষ হয়েছে ভেতর ও বাইরে আলোকসজ্জার কাজ; তিন বাহিনীর সুসজ্জিত দলের মহড়া।

বিকালে জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা বেষ্টনী পরিদর্শনে আসেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “মহান বিজয় দিবস ঘিরে তিন স্তরের নিরাপত্তা থাকবে পুরো স্মৃতিসৌধ এলাকায়। এরই মধ্যে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছি। বহিরাগত কেউ এলাকায় অবস্থান করলে, আমাদের অবহিত করতে বলা হয়েছে।”

“যেহেতু প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সেহেতু তাদের নিরাপত্তার জন্য ভোর ৪টার থেকে এই এলাকার ট্রাফিক ব্যবস্থাও পরিবর্তন এনছি।”

ব্যাপক জমায়েত হওয়ার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের গাড়ি চন্দ্রা-গাজীপুর হয়ে এবং মানিকগঞ্জের গাড়ি নবীনগর মোড় হয়ে আশুলিয়া বাইপাস হয়ে ঢাকায় প্রবেশ করতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা থেকে যারা মানিকগঞ্জ এবং উত্তরবঙ্গ যাবেন, তাদের গাবতলী-বেড়িবাধ হয়ে অথবা উত্তরা-আশুলিয়া হয়ে যেতে বলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ-টাওয়ার বসানো হয়েছে জানিয়ে রিপন আরও বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। দুইপাশে নেতাকর্মীদের ছবি সম্বলিত নানা ব্যানার-ফেস্টুনও শোভা পাচ্ছে।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “সৌধচত্বর এলাকা জুড়ে ধোয়ামোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশী-বিদেশী কূটনীতিকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।”