১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় ৩ মামলার আসামিকে গুলি করে ও কুপিয়ে হত্যা

“হত্যার ধরন দেখে মনে হচ্ছে, হামলাকারীদের মধ্যে তার প্রতি তীব্র আক্রোশ ছিল।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 02:03 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

খুলনা নগরে এক ব্যক্তিকে গুলি করে ও অসংখ্যবার কুপিয়ে হত্যা করা হয়েছে। 

দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন। 

নিহত ৩৬ বছর বয়সী মো. ইসমাইল নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ইসমাইলকে  লক্ষ্য করে গুলি করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “ইসমাইল মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। হত্যার ধরন দেখে মনে হচ্ছে, হামলাকারীদের মধ্যে তার প্রতি তীব্র আক্রোশ ছিল। মৃত্যু নিশ্চিত করতে অসংখ্যবার কুপিয়ে জখম করা হয়েছে। 

“প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, তিনি যুবলীগের কর্মী ছিলেন।” 

ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে ও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন। 

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।