Published : 04 Apr 2026, 03:58 PM
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদর ও হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ৪৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকাল থেকে রাতে দুই উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় বিশেষ অভিযানে এসব জেলেদের আটক করা হয়।
এর মধ্যে হাইমচর উপজেলা থেকে ৩৮ জেলেকে আটক করা হয় বলে শনিবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক জানান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় ইশানবালা এলাকায় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৩৮ জেলেকে আটক করা হয়।
পরে রাত ১১টার দিকে উপজেলার কাটাখালি লঞ্চঘাটের পন্টুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
তিনি আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মানবিক দিক বিবেচনা করে ১০ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। আটক জেলেরা সবাই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার বাসিন্দা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদসহ মৎস্য অধিদপ্তর ও টাস্কফোর্সের সদস্যরা।
এদিকে চাঁদপুর সদরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে ৬ জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
শনিবার দুপুরে তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেঘনা মোহনা এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আনন্দ বাজার এলাকা থেকে জাটকা ধরার কারণে ৬ জেলেকে আটক করা হয়।
পরে রাতে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
তিনি ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন, বাকিরা শিশু জেলে হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। আটকরা চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, “জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।”