Published : 08 Jun 2026, 05:25 PM
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মাটি ‘অস্বাভাবিকভাবে গরম’ হয়ে ওঠার উৎস খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
সোমবার দুপুরে তারা ঘটনাস্থলে আগুন জ্বালিয়ে এবং পানি ঢেলে পরীক্ষা চালান। তবে সেখানে কোনও গ্যাসের উপস্থিতি মেলেনি। এ ছাড়া অধিকতর পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে মাটি সংগ্রহ করেছেন কর্মকর্তারা।
বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের উপ ব্যবস্থাপক মো. ইমামুল ইসলাম বলেন, বিদ্যুতের খুঁটি অথবা অন্য কোনো পচা গলা ময়লা বা কেমিকেল থেকে এরকম হতে পারে। তবে এখানে কোনো প্রাকৃতিক গ্যাস নেই বলে ধারণা করা হচ্ছে।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে ভবনের সামনের মাটি ‘অস্বাভাবিকভাবে গরম’ হয়ে থাকার বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পরে সেখানে গর্ত করে পরীক্ষা করলে মাটির নিচ থেকেও তাপ ও ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

প্রাথমিকভাবে সেখানে পানি দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করা হয়। পরে গোসাইরহাট উপজেলা প্রশাসন বিষয়টি ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বাপেক্সকে জানায়।
এদিন দুপুরে বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেও সেখানে গ্যাসের কোনো আলামত পাননি। বিষয়টি অধিক তদন্তের জন্য তারা ওই এলাকার মাটি সংগ্রহ করে ল্যাবরেটরি টেস্টের জন্য ঢাকায় নিয়ে যান। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে উপজেলা প্রশাসন।
গোসাইরহাট উপজেলা শাখা পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল মতিন বলেন, “বিদ্যুতের কারণে কোনো সমস্যা হয়নি। তারপরও নিরাপত্তার স্বার্থে ওই স্থানে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।”
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, “গ্যাসের সন্ধান পাওয়া যায়নি। তারপরও নিরাপত্তার স্বার্থে স্থানটিকে কটন করে রাখা হবে।”
শরীয়তপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাটি ‘অস্বাভাবিক গরম’, তদন্তে ফায়ার সার্ভিস