১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রংপুরে নির্বাচনের দাবিতে মোটর শ্রমিকদের সড়ক অবরোধ

“মোটর শ্রমিকরা আমাদের অনুরোধে অবরোধ তুলে নিয়েছে। যানচলাচল সাভাবিক আছে।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

রংপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করেন মোটর শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনকারী মোটর শ্রমিকরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের সকল পর্যায়ে বিভিন্ন সংগঠনের কমিটি বিলুপ্ত হয়ে যায়। সেই সময় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটিও বিলুপ্ত হয়। এরপর থেকে নির্বাচিত কোনো কমিটি না থাকায় প্রায় দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

এ অবস্থায় জরুরি ভিত্তিতে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে সময় ও তারিখ ঘোষণা দেওয়ার আহ্বান জানান শ্রমিকরা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “মহাসড়ক অবরোধের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পরে শ্রমিকদের অনুরোধ করি।

“মোটর শ্রমিকরা আমাদের অনুরোধে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।”

এর আগে একই দাবিতে ৩ মে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিক ঐক্য পরিষদ। সেদিনের সেই কর্মসূচি থেকে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন মোটর শ্রমিকরা।