১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবরোধ স্থগিত: খাগড়াছড়িতে খুলেছে দোকানপাট, বেড়েছে চলাচল

অবরোধ স্থগিত হলেও জেলা শহর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

অবরোধ স্থগিত: খাগড়াছড়িতে খুলেছে দোকানপাট, বেড়েছে চলাচল
চার দিন পর খাগড়াছড়ি শহরে যানচলাচল ও মানুষের উপস্থিতি বেড়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

খাগড়াছড়িতে মারমা কিশোরী ‘ধর্ষণের’ অভিযোগে চলমান সড়ক অবরোধ স্থগিতের পরদিন শহরে খুলেছে দোকানপাট; বেড়েছে মানুষের উপস্থিতি। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শহরের পরিবেশ।

টানা চার দিন পর বুধবার সকাল থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটিসহ সব সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। দুর্গাপুজা উপলক্ষে ছুটি থাকায় পর্যটকেরাও বেড়াতে এসেছে। অনেকে সাজেকেও যাচ্ছেন। 

তবে জেলা সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ থাকলেও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ।

আট দফা দাবি পূরণের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে চলমান অবরোধ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা করে জুম্ম ছাত্র-জনতা। এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। 

কয়েকদিনের উত্তেজনার কারণে সাধারণ মানুষের মনে যে ভয় ও উৎকণ্ঠা কাজ করছিল, তা কমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট; যেখানে চলছে কড়াকড়ি তল্লাশি। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির  শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসান মাহমুদ। বেলা ১১টায় তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ বলেন, “এখনো ১৪৪ ধারা জারি আছে। যেহেতু পূজা চলছে তাই মানুষের যাতায়াতকে বাধাগ্রস্ত করছি না। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে শীঘ্রই ১৪৪ ধারা তুলে নেওয়ার সিন্ধান্ত আসতে পারে।”

২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায়।

পরদিন বুধবার এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল নামের ১৯ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনার জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

এরপর শনিবার ভোর ৫টায় ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এমন উত্তেজনার মধ্যে গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সহিংসতা হয়, সেখানে গুলিতে নিহত হয়েছেন অন্তত তিনজন।

গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ‘ধর্ষণের কোনো আলামত পাননি’ বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক।

মঙ্গলবার ধর্ষণের আলামত পরীক্ষায় তিন চিকিৎসক দলটির প্রধান খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) জয়া চাকমা বলেছেন, “আমরা মেডিকেলে রির্পোট জমা দিয়েছি। সবধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি। কিন্তু আসলে ধর্ষণের কোনো আলামত পাইনি।”

আরও পড়ুন:

চার দিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে 'ধর্ষণের আলামত মেলেনি': চিকিৎসক

পূজা যেন শান্তিপূর্ণ না হয় সেজন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মারমা কিশোরী ধর্ষণ: গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

কী ঘটছে গুইমারায়? 'দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র' দেখছে আইএসপিআর

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষ, বাজারে আগুন

মারমা কিশোরী ‘ধর্ষণ’: খাগড়াছড়িতে উত্তেজনার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুইমারাতেও ১৪৪ ধারা

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, তরুণ গ্রেপ্তার