Published : 23 Aug 2024, 02:47 PM
গোপালগঞ্জের সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার দুপুরে মহাসড়কের পাথালিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাস এবং বৃহস্পতিবার রাতে চেচানিয়াকান্দি এলাকায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ জেলা শহরের মনসা জুয়েলার্সের মালিক সুশান্ত বণিকের ছেলে সুদীপ্ত বণিক (১৮)।
ওসি আনিচুর জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস পাথালিয়ায় এলাকায় পৌঁছালে খুলনা থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন মাইক্রেবাসের তিন ও বাসের দুই যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তবে নিহত মাইক্রোবাস চালকের নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানান ওসি।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদিপ্ত বণিক নামে এক যুবক আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান বলে ওসি জানিয়েছেন।