১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে যানজট

ঘরমুখো মানুষ বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি খোলা ট্রাকেও যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 10:06 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানজটের সৃ‌ষ্টি হয়েছে। 

এই জটে ভোগান্তিতে পড়ছেন পরিবারের সঙ্গে ঈদ কাটাতে রওয়ানা হওয়া ঘরমুখো মানুষ।

সোমবার রাতে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হওয়া এই পরিস্থিতি মঙ্গলবার সকালেও অব্যাহত আছে বলে জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন। 

মঙ্লবার ভোর থেকে মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। 

ঘরমুখো মানুষ বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি খোলা ট্রাকেও যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

গাজীপুর থেকে আসা পাবনাগামী মোতালেব মিয়া বলেন, “ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি। 

নারী যাত্রী আয়েশা আক্তার বলেন, “আমি রাজশাহী যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।”

আরেক যাত্রী আনোয়ার হোসেন বলেন, “কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।”

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে এ জটলা তৈরি হয়েছে।আশা করি বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবে।”