০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সুন্দরবনের গরান কাঠ পাচারকালে ৩ চোরাকারবারি আটক

“তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।”

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 02:23 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মো. কামাল হোসেন, ভ্যানচালক মো. আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মো. রাশেদুল ইসলাম।

কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানভর্তি এই গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাচারের অভিযোগ তিনজনকে আটক করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।”

আটক কামাল বলেন, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে। এ সময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লার বাড়িতে দুইশ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্যু আব্দুল্লার বাড়িতে নিয়ে যাচ্ছিল।