১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যে ৫০০ কেজি হিমসাগর পাঠালেন প্রধানমন্ত্রী

পাঁচটি পিকআপ ও কভার্ডভ্যানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় আমগুলো পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 04:11 PM

Updated : 15 Jun 2023, 04:11 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি হিমসাগর আম পাঠিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পাঁচটি পিকআপ ও কভার্ডভ্যানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় আমগুলো পাঠানো হয়।

সীমান্তের শুন্যরেখায় আমগুলো গ্রহণ করেন ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ৷ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।

এ সময় সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, “ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়।

“আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।”

এ সময় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে উপহার হিসেবে  ১২০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

পুরানো খবর:

প্রধানমন্ত্রীর উপহারের আম গেল ভারতে