১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে হাতুড়িপেটায় ছোট ভাইকে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন

দোকানে থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাই সিদ্ধেশ্বরের মাথায় সজোরে আঘাত করেন তিনি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 05:25 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় অশোক কুমার দাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার বিকালে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন। 

দণ্ডিত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে। সাজার পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 

মামলার বিবরণে বলা হয়, ফনিন্দ্রনাথের ছোট ছেলে সিদ্ধেশ্বর দাস পেশায় লোহার কর্মকার ছিলেন। দীর্ঘদিন ধরে বড় ভাই অশোক দাসের সঙ্গে জায়গা-জমি নিয়ে তার বিরোধ চলছিল।

২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় বড় ভাই অশোক সেখানে এসে দোকানে থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় জোরে আঘাত করেন। স্থানীয় লোকজন আটকানোর করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।