Published : 28 Jul 2026, 06:29 PM
রাজশাহীর পদ্মা নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। এ সময় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপ-পরিচালক মনজিল হক জানান।
নিখোঁজরা হলেন- কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল হক (৪০)।
নৌকায় থাকা জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) ভেসে গেলেও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। একইভাবে আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করে তীরে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে আটজন যাত্রী ট্রলারে করে ফিরছিলেন। নৌকাটি বড়কুঠি এলাকার মাঝনদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায় এবং যাত্রীরা নদীতে ছিটকে পড়েন।
নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন এলাকায় অবস্থান করা অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তাদের চেষ্টায় পানিতে ভাসতে থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আফছার আলী ও তার ছেলে জিয়ারুল নদীর স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রেখেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনজিল হক বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে ছয় সদস্যের ডুবুরি দল কাজ করছে। দুজন করে ডুবুরি পানির নিচে তল্লাশি চালানোর পাশাপাশি নৌকা দিয়েও নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান করা হচ্ছে।