১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম

রোববার নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 01:33 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-সচিব মো. আ. কুদ্দুস।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পাশাপাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে আ. জ. ম. রেজাউল করিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার নতুন কর্মস্থলে যোগ দেবেন।