১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধাওয়া দিয়ে গুলি করে চাঁদপুরে বিক্রয় কর্মীকে হত্যা

এটি ডাকাতির ঘটনা না কি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখার কথা বলেন ওসি।

ধাওয়া দিয়ে গুলি করে চাঁদপুরে বিক্রয় কর্মীকে হত্যা
রুহুল আমিন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 02:10 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

মোটরসাইকেলে এসে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে গুলি করে খুন করে পালিয়ে গেছেন দুই অজ্ঞাত ব্যক্তি।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চাঁদপুরের ফরিদগঞ্জে গুলিতে নিহত রুহুল আমিন (৩৫) পেশায় বিক্রয়কর্মী ছিলেন।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। এটি ডাকাতির ঘটনা না কি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়া সংলগ্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

স্থানীয়রা বলছেন, এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে তা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। সেখানে প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটল সাম্প্রতিক সময়ে ঘটেনি।

প্রত্যক্ষদর্শী রাঢ়ী বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, “রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে দ্রুতগতিতে একজন লোক দৌড়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছন পেছন একটি মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায়।”

তিনি বলেন, এসময় ব্রিজের পাশে মাছ ধরছিলেন সোহেল নামে এক যুবক। অস্ত্রধারীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেয় এবং একজনকে টেঁটা দিয়ে আঘাত করে। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এর কিছু সময় পর পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় রুহুলকে।

স্থানীয়রা বলেন, গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে আসে।