Published : 28 Jun 2018, 02:38 PM
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বিজলীর ঘুমটি এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ জানান।
নিহত মনির হোসেন (৪৮) ওই উপজেলার হারাগাছ পৌরসভার নিউ মুন্সিপাড়া এলাকার আবুজার রহমানের ছেলে। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি ফার্মাসিয়া লিমিটেডের লালমনিরহাট শাখার ব্যবস্থাপক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনির একটি মোটরসাইকেলে করে লালমনিরহাট থেকে রংপুর শহরে আসছিলেন। পথে ঢাকা ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।