১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2018, 09:38 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

রোববার ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় শিশুসহ আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন সিরাজগঞ্জের শাজাদপুরের বাঘাবাড়ীর ফরমান বিশ্বাসের ছেলে আব্দুল মতিন বিশ্বাস (৩৫), রংপুরের বদরগঞ্জের খোরাজান গ্রামের খয়রাত হোসেনের ছেলে আল-আমিন হোসেন (২৩), দিনাজপুরের চিনিরবন্দরের পূর্বছাইদা গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে তানিয়া (৬) ও পঞ্চগড়ের গোদাগাড়ী উপজেলার মদনেরপাড়া গ্রামের মেবিয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিএস পরিবহনের নৈশ কোচটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাক চালকসহ চারজনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, ওই বাসের চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, “পঞ্চগড়গামী বাসটির সামনের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।”   

তবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশের এএসপি মোজাম্মেল হক বলেন, “বাস চালকের অসাবধনতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।”

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাফিউল আলম বলেন, লাশ নেওয়ার জন্য নিহত প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।