১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ‘বন্দুকযুদ্ধে ২ বনদস্যু’ নিহত

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা ও বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 02:47 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

Image
ফাইল ছবি

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনদস্যু দল ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর (৩৫) ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

ইমন আল রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে বনদস্যু হাসান বাহিনীর সদস্যরা মাঝেরচরে অবস্থান করছিল।

“পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে হাসান বাহিনীর সদস্যরা ‌র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টা পর তারা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনের লাশ এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”

র‌্যাব বলছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি রয়েছে।

র‌্যাব-৮ এর এ কর্মকর্তার দাবি, হাসান তার নামে ‘বনদস্যু বাহিনী’ গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।