২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দুই আঙুলে এসএসসি দিচ্ছে একরামুল

বাম হাত নেই। ডান হাতও ছোট; তাতে রয়েছে দুটি মাত্র আঙুল। তা দিয়ে লিখেই চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একরামুল হক।

ঠাকুরগাঁও প্রতিনিধি

মো. শাকিল আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 06:46 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

জন্ম প্রতিবন্ধী একরামুল উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

উপজেলার দৌলতপুর গ্রামের দিনমজুর নজিব উদ্দীনের ছেলে একরামুল। তার এক বড় ভাই আছে।

রোববার সরেজমিনে পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষা দিচ্ছে একরামুল। কেন্দ্রের ১৪ নম্বর রুমে ৪৬জন শিক্ষার্থীর সঙ্গে ‘আইসিটি’ পরীক্ষা দিচ্ছে সে। ডান হাতের দুই আঙুলের মাঝখানে কলম ধরে কাঁধে ভর দিয়ে পরীক্ষায় খাতায় লিখছে। হাতের লেখাও অনেকের চেয়ে পরিষ্কার।

তার দুই আঙুলে লেখা দেখে পরীক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও অভিভুত।

হল সুপার শাহের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একরামুলের পড়াশোনায় বেশ আগ্রহ। সে মেধাবী ছাত্র। দুটো আঙুল দিয়ে লিখে পরীক্ষা দেওয়া তার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একরামুল বলেন, ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরপর ২০১৫ সালের জেএসসিতে ফল বেশি ভাল না হলেও দমে যায়নি।

এবার এসএসসি পরীক্ষায় ভালো হচ্ছে। লেখাপড়া শেষ করে একটি সরকারি চাকরি করে পরিবারের হাল ধরবেন বলে জানায় একরামুল।

তার সহপাঠী শান্ত বলেন, “ছোট বেলা থেকেই একরামুল দুই আঙুল দিয়ে পরীক্ষা দিচ্ছে। তাকে দেখে আমরা অনুপ্রাণিত।”

একরামুলের বাবা নজিব উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্মের পর থেকেই আমার ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী। তারপর সে মনোবল হারায়নি। লেখাপড়া করে সরকারি চাকরি করার স্বপ্ন দেখছে সে।

অভাবী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে ছেলের সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ করতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান তিনি।