১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে: এরশাদ

আগামী সংসদ নির্বাচন জাতীয় পার্টি এককভাবে করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 07:53 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ উচ্চ বালক বিদ্যালয় মাঠে এক জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত।

তিনি বলেন, “দেশ আজ হত্যা, গুম, চাঁদাবাজী, অনিয়ম আর দুর্নীতে ভরে গেছে। এ থেকে উত্তরণ পেতে আগামীতে লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে করবে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলেই স্বস্তি আর শান্তি আসবে মানুষের মধ্যে।”

জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় দাবি করে এরশাদ বলেন, জাতীয় পার্টি দেশের উন্নয়ন আর অগ্রগতির রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে একমাত্র জাতীয় পার্টি।

“লাঙ্গলের প্রতি মানুষের ভালোবাসা যেমন ছিল ঠিক তেমনিই আছে। এ কারণে দেশে এখন লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

গণজোয়ারের কারণে রংপুর সিটি কপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এক লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টি আবারও দেশের ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরশাদ বলেন, গাইবান্ধার পাঁচটি আসনই জাতীয় পার্টির দখলে ছিল। আগামী নির্বাচনে আবারও এ আসনগুলো জাতীয় পার্টিকে উদ্ধার করতে হবে।

আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঞ্চে উপস্থিত ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারীকে এই উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সভায় উপস্থিত জনসাধারণকে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ভোট দেওয়ার পাশাপাশি তিনি জনসাধারণকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথাও বলেন।

শামীম হায়দার পটোয়ারীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি কপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা প্রমুখ।

এরআগে ঢাকা থেকে হেলিকাপ্টারে করে সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ উচ্চ বালক বিদ্যালয় মাঠে নামেন এরশাদ। জনসভা শেষে বিকালে আবার ঢাকা ফিরে গেছেন তিনি।