০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

গোয়ালঘরে শিশুকে আটকে রাখার অভিযোগ, বাবাসহ আটক ৩

খুলনার ডুমুরিয়ায় ছয় বছরের এক শিশুকে গোয়ালঘরে আটককে রাখার অভিযোগে বাবা- সৎমাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 10:08 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

শনিবার উপজেলা সদরের আইতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান।

আটকরা হলেন- বাবা আফজাল খান, সৎ মা রুপা বেগম ও দাদি মর্জিনা বেগম।

সমাজসেবা কর্মকর্তা শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আফজাল খান এক বছর আগে তার প্রথম স্ত্রী আকলিমা বেগমকে তালাক দিয়ে রুপা বেগমকে বিয়ে করেন।মাত্র এক সপ্তাহ আগে মারা যান আকলিমা।

“এরপর থেকে আকলিমার মেয়ে লাবনীকে (৬) নানাভাবে নির্যাতন করে বাড়ির পাশে পরিত্যক্ত একটি গোয়ালঘরে আটকে রাখেন রুপাসহ অন্যরা।”

প্রতিবেশীদের দেওয়া খবরে বিকালে পুলিশের সহযোগিতায় গোয়ালঘর থেকে শিশু লাবনীকে উদ্ধার করে ওই তিনজনকে আটক করা হয় বলে জানান শফিকুল।

সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার তাদের আদালতে তোলা হবে।